ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩২ ঘণ্টা ধরে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও চালক। যানজটে আটকা পড়ে কুমিল্লার দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সেই আমিরুন্নেছা নামে হৃদরোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া দীর্ঘ যানজটের কারণে সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে ফ্লাইট মিস করেছেন কয়েকজন বিদেশগামী যাত্রী।
শুক্রবার রাত থেকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট স্থায়ী হয়।
সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনে বড় গর্ত সৃষ্টি হওয়ায় শুক্রবার সকাল থেকে সংস্কারকাজ শুরু হয়। এ সময় একটি লেন বন্ধ রেখে অন্য লেন দিয়ে যান চলাচল করানো হলে যানবাহনের চাপ বেড়ে একপর্যায়ে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।
নিহত আমিরুন্নেছার স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছে তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
যানজটে আটকে পড়া কাতারপ্রবাসী আবু সুফিয়ান জনি জানান, হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিলেও দীর্ঘ যানজটের কারণে সময়মতো পৌঁছাতে পারেননি। ফলে তার ফ্লাইট মিস হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেম দাস রায় বলেন, আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সংস্কারকাজের কারণে মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের ছয়টি দল কাজ করে। শনিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা অংশে যান চলাচল স্বাভাবিক হয়।