স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈরে বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে পরিচালিত একটি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এবং এক কোরিয়ান নাগরিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ আরিফুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), গাজীপুর। এ সময় তার কাছ থেকে মামলার এজাহারে উল্লেখিত একটি মোবাইল ফোন ও ব্যবহৃত সিম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আরিফুল ইসলাম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি Bankor Science & Technology Co. Ltd.-এ মোল্ড ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দুরা পল্লী বিদ্যুৎ এলাকায় আকিজ গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে পরিচালিত বলে পুলিশ জানিয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ অক্টোবর আরিফুল ইসলাম প্রতিষ্ঠানটিতে মোল্ড ডিজাইনার হিসেবে যোগ দেন। কাজের সুবিধার্থে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কোরিয়ান নাগরিক Mr. Hyung Kwan Kim তাকে Korean Mold Design Officeial Software-সম্বলিত একটি Samsung A13 মডেলের অফিসিয়াল মোবাইল ফোন দেন। যার মূল্য প্রায় ২২ হাজার টাকা।
এ ছাড়া মোল্ড ডিজাইনের কাজের পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন-ভাতা, খাবার, ইন্টারনেট ও ইউটিলিটি বিলসহ বিভিন্ন খাতের অর্থ ব্যবস্থাপনার দায়িত্বও আরিফুল ইসলামের ওপর ছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২৬ জুলাই দুপুরে ব্যবস্থাপনা পরিচালক Hyung Kwan Kim-এর উপস্থিতিতে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের বিষয়ে আরিফুল ইসলামের কাছে কৈফিয়ত চাওয়া হয়। এ সময় তিনি অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের সঙ্গে যোগসাজশ করে উত্তেজিত হয়ে কোরিয়ান নাগরিককে মারধর করেন। একপর্যায়ে পকেট থেকে প্রায় চার ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু বের করে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সজিব আহমেদ নামে প্রতিষ্ঠানের এক কর্মীর অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর থানায় ২৮ আগস্ট মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৪০৮/৪২০/৩২৩/৩৭৯/৩৫২/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্তের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), গাজীপুরের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানাধীন চত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মামলার আলামত হিসেবে একটি Samsung Galaxy A23 মোবাইল ফোন ও ব্যবহৃত সিম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগের প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি নাগরিক ও যৌথ বিনিয়োগে পরিচালিত প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।