প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশকে চাপে ফেলতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটা কোনোভাবেই তাদের কোনো ইনটেনশনালি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না।

তিনি বলেন, ৫ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কে যা অবনতি ঘটেছিল বর্তমান সরকার ও ভারত উভয় এখন সেটি উন্নয়নে কাজ করছে।

ব্রিফিংয়ে তিস্তা নদীর পানি বণ্টন সমস্যার বিকল্প সমাধানের বিষয়ে এক বড় পরিকল্পনার কথা জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের মতো তিস্তা ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণের জন্য প্রকল্প হাতে নেবে সরকার। ভারত থেকে বর্ষা মৌসুমে আসা পানি এই ব্যারেজের মাধ্যমে ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করার উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি জানান, তিস্তা এলাকায় যদি এই ব্যারেজ কিংবা রিজার্ভার (জলাধার) নির্মাণ করা হয়, তবে তাতে প্রায় ২০ হাজার কোটি টাকার মতো খরচ হতে পারে। এই বিপুল পরিমাণ খরচ বাংলাদেশ সরকার নিজেই বহন করতে সক্ষম। তবে এই মেগা প্রকল্পে যদি অন্য কোনো বন্ধুভাবাপন্ন দেশ সাহায্য করতে চায়, তবে সেই সুযোগও খোলা রাখা হবে।

এসময় ডা. জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে ছাত্র সংসদ নির্বাচন চালু রাখতে চায় সরকার।বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ ব্যবস্থাপনা অনুযায়ী দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন দেয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের তৎপরতা বন্ধে সরকার সিরিয়াস আছে।

নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে নির্বাচনে যে কেউই অংশ নিতে পারবে।