ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি৩০৬) সচল করতে ঢাকা থেকে ইঞ্জিনিয়ারদের একটি দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হচ্ছে।
শনিবার (০৮ আগস্ট) ত্রুটি সমাধানের পর রোমের স্থানীয় সময় রাত ১০টায় ফ্লাইটটি (বিজি৩০৬) ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেওয়া ফ্লাইট তথ্য অনুযায়ী, রোম থেকে ঢাকা আসার কথা থাকা ফ্লাইটটির নির্ধারিত উড়োজাহাজ (এস২-এজেওয়াই) বর্তমানে কারিগরি ত্রুটির কারণে ‘এওজি’ গ্রাউন্ডে রয়েছে।
ত্রুটি সারানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও প্রকৌশলী দল নিয়ে পরবর্তী ফ্লাইটটি (বিজি৩০৬) শনিবার ৮ আগস্ট রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬:৫০ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
প্রকৌশলীরা ত্রুটি সারানোর পর ৮ আগস্ট রোমের স্থানীয় সময় রাত ১০:০০ টায় ফ্লাইটটি (বিজি৩০৬) ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এবং আগামীকাল ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময়) ঢাকায় এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।