নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় গাড়ি চলাচলে কিছু নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যদিও বঙ্গভবনে আগত আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আমির খসরুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সকল প্রকার যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে অথবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করবে।
দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
হানিফ ফ্লাইওভার হতে আগত যানবাহনসমূহ জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা–শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট–ইউবিএল ক্রসিং–নাইটিঙ্গেল ক্রসিং–ফকিরাপুল ক্রসিং–ইত্তেফাক হয়ে চলাচল করবে।
বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত রাস্তাসমূহ পরিহার করে অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য গাড়ি চালকদের অনুরোধ করা হয়েছে। এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করা হয়েছে।