স্টাফ রিপোর্টার
সদ্য সমাপ্ত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য ছিল দেশে গণতান্ত্রিক চর্চা বজায় রাখা ও একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া-এমনটাই জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নবনির্বাচিত রাষ্ট্রপতি যেন কোনো নির্দিষ্ট দলের প্রভাবের ঊর্ধ্বে উঠে পুরো জাতির অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, দক্ষতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করেন তিনি সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
গতকাল বৃহস্পতিবার সংসদে নির্বাচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদে এমপিদের অনুপাত অনুযায়ী জয়ের সম্ভাবনা ক্ষীণ জেনেও কেবল গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং আগামীতে তৃণমূল ও স্থানীয় সরকার নির্বাচনে সবার মত প্রকাশের সুযোগ নিশ্চিত করার তাগিদ থেকেই বিরোধী দল প্রার্থী দিয়েছিল।
তিনি আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি যেন কোনো নির্দিষ্ট দলের প্রভাবের ঊর্ধ্বে উঠে পুরো জাতির অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, দক্ষতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করেন সেই প্রত্যাশা করি। নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর স্বীয় নিরপেক্ষতা বজায় রাখবেন এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় আইনি সংস্কার সাধনে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, গণআকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই সনদকে আইনি রূপ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশের সিংহভাগ মানুষ এই সংস্কার ও পরিবর্তনগুলোকে সমর্থন করছেন।
দুই জনের ভোট না দেয়ার বিষয়ে তিনি বলেন, ১১ দলীয় জোটের ৯০ জন সংসদ সদস্যের মধ্যে ৮৮ জন ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন। অনুপস্থিত বাকি দুইজনের মধ্যে একজন বিদেশে অবস্থান করছেন এবং অন্য একজনকে বিশেষ দলীয় কারণে বহিষ্কার করা হয়েছে।