ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। গতকাল বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আজ ২২ মে বাদ জুমআ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি ও উদ্বেগ প্রকাশ করছি।”

তিনি বলেন, “গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।” তিনি আরও বলেন, “রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।” আমি দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল রাখার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।”

ঝিনাইদহ সংবাদদাতা জানান, ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এনসিপির এই নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তার পর হামলা শুরু করে।

তিনি বলেন, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।

এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!

একই দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

তিনি বলেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। রাজনীতিকে যারা সহিংস করে তুলছো তাদের কবর রচিত হবে। চোরকে চোর আর ডাকাতকে ডাকাত আমরা বলবোই। তোমরা যত বেশি উচ্ছৃঙ্খল আচরণ করবা। হ্যাডম দেখাবা তোমাদের পতন তত সন্নিকটে আসবে।