বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Courtesy Meeting and Discussion Between the Hon’ble Leader of the Opposition and a BKMEA Delegation._16x9

বৈঠকে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে চলমান বিদ্যুৎ ও গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতারা তাঁদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। তিনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে দেশের পোশাকশিল্পের বিদ্যমান সংকট মোকাবিলা করে এ খাতের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান করা সম্ভব হবে।