দ্বীন কায়েমই আমাদের একমাত্র জীবনোদ্দেশ্য, তাই জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনে হক্বের ওপর অবিচল থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে ছাত্র আন্দোলনের সাবেক জনশক্তির প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল রাজধানীর একটি মিলনায়তেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চল আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমীর জিল্লুর রহমান, পশ্চিম আমীর নুরুল ইসলাম আকন্দ, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ ও তেজগাঁও উত্তর থানা আমীর আহসান উল্লাহ প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের পথচলা অতীতে যেমন ফুল বিছানো ছিলোনা, এখনও নয়। এক সমস্যা-সঙ্কুল, কন্টকাকীর্ণ ও সংকীর্ণ পথেই ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হয়েছে। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। নবী-রাসূলগণও বিরুদ্ধবাদী কুফরী শক্তির হাত থেকে রেহাই পাননি। তাদের কাউকে কাউকে হত্যাও করা হয়েছে। বিশ্বনবী (সা.)কে তা থেকে রেহাই দেয়া হয়নি বরং কাফেরদের নির্মম নির্যাতনে তাকে জন্মভূমি থেকে মদীনায় হিজরত করতে হয়েছে। ইতিহাসের সে ধারাবাহিকতায় স্বৈরাচারি ও ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার আমাদের শীর্ষনেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথচ আল্লাহর ওপর ঈমান আনায় ছিল তাদের বড় অপরাধ। তিনি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই। কারণ, এ কাজ আমাদের প্রত্যেকের ওপরই ফরজ করে দেওয়া হয়েছে। প্রত্যেক নবী-রাসূলগণই এ মিশন ও ভিশন নিয়েই দুনিয়াতে প্রেরীত হয়েছিলেন। রাসূল (স.)ও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং তার আসহাবগণও সে দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহর তা’য়ালার খলিফা হিসাবে সে দায়িত্ব এখন আমাদের ওপর চেপেছে। মূলত, মানবরচিত বিধান দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই কুরআন-সুন্নাহর আদের্শের ভিত্তিতে পুরো বিশ্বকেই পরিবর্তনের জন্য আমাদের নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এ দায়িত্ব থেকে অব্যহতি নেওয়া বা পিছপা হওয়ার কোন সুযোগ নেই। তিনি জীবনকে ইসলামের রঙ্গীন ও দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকতে সকলের প্রতি আহবান জানান। তাহলে পুরো বিশ্বই বর্ণিল হয়ে উঠবে।
মাল্টিমিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর প্রচার-মিডিয়া বিভাগ আয়োজিত কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় বৃহস্পতিবার রাত ৯টায় খিলগাঁও এ একটি রেস্টুরেন্টে বিভিন্ন মিডিয়ায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মহানগরীর নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাত, মিডিয়া সেলের সদস্য আ. রহিম ও সাখাওয়াত হোসেন প্রমুখ।