ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিলো বিএনপি। শনিবার বিকাল সাড়ে ৩টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকার নেন মনোনয়ন বোর্ডের সদস্যরা।
সাক্ষাৎকার ঘিরে দুপুরের পর থেকেই কার্যালয় প্রাঙ্গণে মনোনয়ন প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়- এদিন চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা সাক্ষাৎকারে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে সংরক্ষিত আসনে সাক্ষাৎকার দিতে আসা যুক্তরাজ্য মহিলা দলের সদস্য অঞ্জনা আলম জানান, বিগত আন্দোলনে তারা রাজপথে ছিলেন। বিএনপির পক্ষে দেশে বিদেশে জনমত গঠন করেছেন। তাই তিনি মনোনয়ন পেতে আশাবাদী।
দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের জামানত হিসেবে দিতে হয় ৫০ হাজার টাকা। জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।