ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিলো বিএনপি| গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকার নেন মনোনয়ন বোর্ডের সদস্যরা| সাক্ষাৎকার ঘিরে দুপুরের পর থেকেই কার্যালয় প্রাঙ্গণে মনোনয়নপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়| দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়- এদিন চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা সাক্ষাৎকারে অংশ নেন|

ব্রাহ্মণবাড়িয়া থেকে সংরক্ষিত আসনে সাক্ষাৎকার দিতে আসা যুক্তরাজ্য মহিলা দলের সদস্য অঞ্জনা আলম জানান, বিগত আন্দোলনে তারা রাজপথে ছিলেন| বিএনপির পক্ষে দেশে বিদেশে জনমত গঠন করেছেন| তাই তিনি মনোনয়ন পেতে আশাবাদী|

দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দিয়েছেন প্রায় ৯০০ জন| প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের জামানত হিসেবে দিতে হয় ৫০ হাজার টাকা|

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি| এর মধ্যে, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে|