নুরুল আমিন মিন্টু:
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ চলছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হওয়া এ সমাবেশে লংমার্চের গাড়িবহর এখনো সমাবেশস্থলে পৌঁছেনি। এর আগেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে লালদীঘি ময়দান ও আশপাশের এলাকা।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এরপর ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা একে একে বক্তব্য দিচ্ছেন। কর্মসূচির তালিকায় থাকা বক্তাদের মধ্যে রয়েছেন মাওলানা ক্বারী মুবিনুল হক, মাইমুনুল ইসলাম মামুন, মুহাম্মদ মুমিনুল হক, ইব্রাহীম হোসেন রনি, আতিক বিন উসমান, অ্যাডভোকেট আব্দুল মোতালেব, অ্যাডভোকেট গোলাম ফারুক, আলা উদ্দিন আলী, সৈয়দ গিয়াসউদ্দিন আলম, আবু মোজাফফর মুহাম্মদ আনাস, অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আলমগীর, মাওলানা অধ্যাপক খোরশেদ আলম, মাওলানা জিয়াউল হোসাইন, আলমগীর আলম চৌধুরী, মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, মীর মুহাম্মদ শোয়াইব, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, মুহাম্মদ নজরুল ইসলাম, আনোয়ার শাহজাহান চৌধুরী এমপি, মাওলানা মুহাম্মদ শাহজাহান ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা ডা. শফিকুর রহমানের। এ ছাড়া জোটের অন্যান্য শীর্ষ নেতাদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের দাবিও তুলে ধরা হচ্ছে।
এর আগে শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়। সেখানে উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। পরে শত শত গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
আয়োজকদের পক্ষ থেকে লংমার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি থাকার কথা জানানো হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে লংমার্চকে স্বাগত জানাতে নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান করতে দেখা গেছে।
এদিকে লংমার্চের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছানোর আগেই লালদীঘি ময়দান ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। মাঠের পাশাপাশি আশপাশের সড়কেও বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন।
লংমার্চের গাড়িবহর সমাবেশস্থলে পৌঁছানোর পর জনসমাগম আরও বাড়তে পারে বলে আয়োজকরা আশা করছেন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ এই কর্মসূচির শেষ পর্বে লালদীঘি ময়দান থেকে ১১ দলীয় ঐক্যের নেতারা তাদের দাবির পক্ষে জোরালো রাজনৈতিক বার্তা দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।