বাংলাদেশ জামায়াতে ইসলামীর টঙ্গী পূর্ব থানার উদ্যোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ মালেক অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু এমপি বলেন, 'মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও রাষ্ট্রে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করা। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহর খলিফার দায়িত্ব পালন করতে হবে। ইনসাফ কায়েমের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।'
তিনি বলেন, 'বিভিন্ন কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের ক্ষমতায় যেতে বাধাগ্রস্ত করা হলেও আমরা জনগণের পাশে থেকে প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করবো এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করবো।'
সাম্প্রতিক আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'রামিসাকে যেভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছে তা পুরো জাতিকে নাড়া দিয়েছে। এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।'
তিনি আরও বলেন, 'অতীতে আমাদের অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্যায়-অবিচারের অবসান হওয়ার প্রত্যাশা তৈরি হলেও বাস্তবে এখনও অনেক ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। এজন্য ইনসাফভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম চালিয়ে যেতে হবে।'
টঙ্গী পূর্ব থানা সেক্রেটারী আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা আমীর নজরুল ইসলাম। তিনি বলেন, 'নাজমুন নাহার নীলু আপা টঙ্গী পূর্ব থানা মহিলা বিভাগের সাবেক জনশক্তি ছিলেন। তিনি সংসদ সদস্য মনোনীত হওয়ায় আমরা গর্বিত। সংসদে নারীর অধিকার, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।'
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, মহানগর মহিলা বিভাগের সেক্রেটারী আমেনা বেগম, টঙ্গী পূর্ব থানা মহিলা বিভাগের সেক্রেটারী শামছুন নাহার, নুর মোহাম্মদ মণ্ডল এবং মাহরুফা শহীদ।
পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নাজমুন নাহার নীলু এমপিকে বরণ করে নেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন গাজীপুর মহানগর মিডিয়া বিভাগের সদস্য মোহাম্মদ আবদুল বাকী। এছাড়াও টঙ্গী পূর্ব থানার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।