বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সদস্য (রুকন) আমিনাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জামাল উদ্দিন গত ৮ মে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আজ ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৬ মে সকাল ৯টায় কুচিয়ামোড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর খালিশপুর উপজেলার সদস্য (রুকন) ৯ নং ওয়ার্ড জামায়াতের সাবেক আমীর হাফেজ আহসান হাবিব ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ (২৬ মে) সকাল পৌণে ৬টায় ৭০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। মুজগুন্নী খেলার মাঠে জানাযা শেষে তাঁকে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
দুই নেতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ রোববার প্রদত্ত এক শোকবাণীতে তিনি বলেন, মাওলানা জামাল উদ্দিন ও হাফেজ আহসান হাবিবের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ২ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।