‘সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি অঞ্চল, এমনকি পুরো দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব’ গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার এমন মন্তব্য করেছেন।
গতকাল শুক্রবার সকালে শহরের ডেভিড কোম্পানি পাড়া এলাকায় দারুল আমান ট্রাস্ট কার্যালয়ে গাইবান্ধা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনার নেতৃত্বে সাংবাদিক নেতারা এমপিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও অভিনন্দন জানান।
মতবিনিময় সভায় এমপি আব্দুল করিম সরকার বলেন, উন্নয়ন কার্যক্রম, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জনস্বার্থ রক্ষা হয় এবং জবাবদিহি নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে তিনি গণমাধ্যমকর্মীদের পাশে থাকবেন।
এ সময় তিনি তাঁর দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য তুলে ধরে বলেন, বৈষম্যমুক্ত একটি সমাজ গঠনে দলটি কাজ করছে, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।