আগামী ৫ সেপ্টেম্বর গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও তেল সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য আহূত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করার লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসানের নেতৃত্বে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরার সদস্য ও মোহাম্মদপুর পূর্ব থানা আমির মশিউর রহমান, থানা সেক্রেটারি আনিসুর রহমান, থানা অফিস সম্পাদক আব্দুল হাদী, থানা কর্মপরিষদ সদস্য মো. সুলাইমান, মাওলানা সিরাজুল ইসলাম, হাওলাদার আহমদ আলী, যুবনেতা সালাউদ্দিন, ফরহাদ আলমসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

মিছিলটি লালমাটিয়া আড়ংয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালমাটিয়া মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।