জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, আমরা ন্যায়ের জন্য জীবন দেবো। আগামী কোনো নির্বাচনে একটি ভোটও কারচুপি হতে দেবো না। ভোটারদের অধিকার রক্ষা করবো।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সকলকে সতর্ক ও সচেতন থেকে ভোট কারচুপি রুখে দিতে হবে।

শনিবার রাতে মোহাম্মদপুর লালমাটিয়ার লাইসিয়াম কনফারেন্স সেন্টারে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দীন বলেন, বিগত নির্বাচনে জামায়াত ১৬৮ আসন পেয়েছিলো কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। যা সাবেক উপদেষ্টা রেজওয়ানা চৌধুরীর বক্তব্যে প্রমাণিত।

সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করিম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে তা প্রত্যাখ্যান করেছে বর্তমান সরকার। আগামী স্থানীয় নির্বাচনে জনগণ জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

তিনি বলেন, জুলাই শহীদের স্বজনরা এই সমাজের পরিবর্তন চাই। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, নব্য ফ্যাসিবাদ যদি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, জাতি তাদের কখনোই ক্ষমা করবেনা।

মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও মোহাম্মদপুর পূর্ব থানা আমির মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী আনিসুর রহমানের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিয়াউল হাসান।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আব্দুল হাদী, মো. সোলাইমান, হাওলাদার আহমদ আলী, মাওলানা সিরাজুল ইসলাম, ফরহাদ আলম, সালাহ উদ্দিন প্রমূখ।

সুধী সমাবেশে জুলাইয়ের শহীদ রাকিবের বাবা আবুল খায়ের, সরকারের সাবেক সচিব, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবি, সাংবাদিকসহ বিভিন্ন পেশা ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।