ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১৩টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজরস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বক্তব্য রাখেন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সহভাপতি ও মুখপাত্র ও ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলনা ফজলুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির জেনারেল সেক্রেটারি খন্দকার মিরাজুল ইসলাম, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজীসহ ১১ দলীয় জোটের অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন উত্তর সংরক্ষিত নারী আসনে ১১ দলের ১৩টি আসন সমঝোতা করেছি, যারা মনোনয়নপত্র দাখিল করবেন। আমাদের মনোনয়ন প্রদানের প্রক্রিয়া হলো আমাদের এখানে কেউ আবেদন করে মনোনয়ন চায়নি। দল যাকে মনোনয়ন দেবে তিনি চূড়ান্ত, তবে তৃণমূলের পরামর্শ নেয়া হয়। জামায়াত মহিলা বিভাগের পরামর্শ নিয়েছে। ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা এবং জুলাই শহীদ পরিবার থেকে মনোনয়ন দিয়েছে।
তিনি বলেন, আসন বণ্টনে আমাদের ব্যতিক্রম হলো জুলাই শহীদ পরিবারের সদস্যকে মনোনয়ন দেয়া। সংসদ সদস্যের রেশিও অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস আসন না পেলেও একটি, সংসদে প্রতিনিধিত্ব না থাকা সত্ত্বেও জাগপাকে একটি এবং এনসিপি একটি আসন পেলেও দুটি আসন দেয়া হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দল নির্বাচনে আসন সমঝোতার একটি প্রতিশ্রুতি হয়েছিল। জাগপা ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো আসনে প্রতিদ্বন্দিতা না করে জাতির স্বার্থে কাজ করেছে। আর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একাডেমিক যোগ্যতা, সততা, দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতাকে আমরা বিবেচনা করেছি। এছাড়াও একই পরিবার থেকে একাধিক ব্যক্তিকে সংসদে না পাঠানোর মূলনীতিও আমরা অনুসরণ করেছি। ১১ দল একসাথে পথ চলা শুরু করেছে, আগামীতেও একসাথে চলবে। আমাদের মূল লক্ষ্য হবে জনগণের অধিকার সংরক্ষণ করা, আইন প্রণয়ন করা, দেশের স্বার্থ সংরক্ষণ করা। নারী প্রতিনিধিরা সংসদে গিয়ে নারীদের অধিকার নিয়ে কথা বলবে। পরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের মনোনীত নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীগণ হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য-সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সিলেট মহানগরী ও জেলার সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।