রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নতুন পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সফলভাবে রিঅ্যাক্টর কোরে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের আরও এক ধাপ কাছে পৌঁছাল।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি সফলভাবে স্থাপন করা হয়েছে। গত ২৮ এপ্রিল এই কার্যক্রম শুরু হয়েছিল। পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশনা মেনে সম্পন্ন করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
প্রকল্প কর্তৃপক্ষ বলছে, এখন রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন ও বিভিন্ন প্রযুক্তিগত যন্ত্রপাতি সংযুক্ত করার কাজ এগিয়ে নেওয়া হবে। এরপর ধাপে ধাপে পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন পর্যায়ে নেওয়া হবে।
রূপপুর প্রকল্পের পরিচালক ও রুশ প্রতিষ্ঠান এটমস্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে আরও বহু পরীক্ষা ও যাচাই কার্যক্রম বাকি রয়েছে। এসব ধাপ শেষ হওয়ার পরই বাণিজ্যিক উৎপাদনের দিকে অগ্রসর হবে প্রকল্পটি।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর বসানো হচ্ছে, যার মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন এই প্রকল্পকে দেশের জ্বালানি খাতের অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।