নাটোরে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরতলির কানাইখালী এলাকার একটি রেস্টুরেন্টে আইবিডব্লিউএফ নাটোর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ নাটোর জেলা শাখার সভাপতি ও রাজশাহী অঞ্চলের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. শহিদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ব্যবসায়ী ও উদ্যোক্তারা। শিল্প ও ব্যবসার প্রসারের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। তাই ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জন্য একটি সুষ্ঠু, নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, ইসলামের দৃষ্টিতেও ব্যবসা একটি মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ পেশা। মহান আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। তাই ব্যবসায়ীদের হালাল পথে, সততা ও আমানতদারির সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। এর মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

শহিদুল ইসলাম আরও বলেন, ইসলামী মূল্যবোধ অনুসরণ করে ব্যবসা পরিচালনার পাশাপাশি মানুষের প্রয়োজন পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের ভূমিকা রাখতে হবে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নেও ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অনবদ্য অবদান রয়েছে।

তিনি বলেন, জনগণের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। সাধারণ মানুষ যাতে তাদের সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সেদিকেও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

তিনি আরও বলেন, ব্যবসায় সততা, ন্যায়পরায়ণতা ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। প্রতারণা, মিথ্যাচার ও অসাধু কর্মকাণ্ড পরিহার করে একটি আদর্শ ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে হবে।

সংগঠনের জেলা সেক্রেটারি আফতাব আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় এমসি সদস্য হুমায়ুন কবির পাটোয়ারী, রাজশাহী অঞ্চলের সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল এবং বগুড়া অঞ্চলের সভাপতি মো. সেলিম রেজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, চলমান ‘ঘুণে ধরা’ অর্থনৈতিক সমাজব্যবস্থার পরিবর্তন করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আশা প্রকাশ করেন, নাটোরের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আইবিডব্লিউএফের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

সম্মেলনে নাটোর জেলার সাত উপজেলার বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।