রংপুরের গঙ্গাচড়ায় মাদকের কেনাবেচা ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ‘তালপট্টি যুবক সংঘ’ নামে স্থানীয় একটি সামাজিক ও মাদকবিরোধী সংগঠনের সদস্যদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির একাধিক সদস্য রক্তাক্ত জখম ও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গঙ্গাচড়া উপজেলার তালপট্টি এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে তালপট্টি রহমানিয়া জামে মসজিদের সামনে পৌঁছান ‘তালপট্টি যুবক সংঘ’-এর সদস্যরা। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র তাঁদের গতিরোধ করে বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, সিরাজুল ইসলাম, এরশাদুল হক, দুলাল মিয়া, ওমেদুল ইসলাম, নূর জামাল, নবির হোসেন ও আলম মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি লাঠি-সোটা, দা, কোদাল, লোহার রড, কুড়াল ও হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে যুব সংঘের সদস্যদের ওপর হামলা চালান।
এতে ফজলুল হক (২০), আতিকুল ইসলাম, ইলিয়াস, হাফিজুল ইসলাম, জাহেদুল ইসলাম, সাইদুল ইসলাম ও উজ্জ্বলসহ কয়েকজন আহত হন। অভিযোগে বলা হয়েছে, হামলায় ফজলুল হকের ডান পায়ের তিনটি আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়।
তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে গত ২৭ আগস্ট ফজলুল হক বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সংগঠনের সদস্যদের দাবি, তাঁরা প্রায় তিন বছর ধরে এলাকায় মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এসব কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে একটি মাদকচক্র দীর্ঘদিন ধরে তাঁদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তাঁরা।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে থানার ওসি (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, অভিযোগটি প্রক্রিয়াধীন রয়েছে।