আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে সাময়িকভাবে কিছুটা পতন দেখা গেলেও মাসিক হিসাবে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, চলতি মাসে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেল সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে দামের ওপর চাপ তৈরি হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) গ্রিনিচ মান সময় সকাল ২টা ১৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে দামে কিছুটা সংশোধন এলেও বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে পুরো মাসজুড়ে তেলের বাজার ঊর্ধ্বমুখী অবস্থানেই রয়েছে। এর ফলে জুলাই মাস শেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।