যুবসমাজকে সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারলে একটি দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
তিনি বলেন, “একটি দেশের যুবকরা যদি ভালো থাকে, তাহলে দেশও ভালো থাকে। আর যুবসমাজ যদি বিপথগামী হয়, তাহলে সেই দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে। যুবকরাই পারে একটি দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে। তাই যুবসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে গড়ে তুলতে হবে।”
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ কালী নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে যুবকদের মধ্যে ফুটবল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান বলেন, “যুবকরাই একটি দেশের প্রাণশক্তি। তাদের মেধা, শ্রম ও উদ্যমকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে। খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যুবকদের আগ্রহী করে তুলতে হবে।”
তিনি আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের জন্য খেলাধুলা ও সৃজনশীল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।