বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর উদ্যোগে ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ বিষয়ক এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের কচুয়া উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ। সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) মো. এনামুল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাসির, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. সোলায়মান, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম এবং মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।
এছাড়াও কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স), উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়), উপ-মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) এবং উপ-মহাব্যবস্থাপক (রাজস্ব) উপস্থিত ছিলেন।
সভায় গ্যাসের স্বল্পতা, গ্যাসের চাপ কম থাকা এবং গ্রাহকসেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ। গ্রাহকসেবা বিষয়ক অন্যান্য প্রশ্নের জবাব দেন মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মর্তুজা রহমান খান।
একজন গ্রাহক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা বাড়ানোর অনুরোধ জানালে ব্যবস্থাপনা পরিচালক তার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, “বর্তমানে অধিক মূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে। তাই জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে আমাদের সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাসির বলেন, কচুয়ায় যথাযথ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিজিডিসিএল কর্তৃপক্ষের প্রচেষ্টার পাশাপাশি গ্রাহকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর হোসেন সেলিম।
সভায় বিজিডিসিএলের এবিকা গৌরীপুরস্থ গ্যাস বিতরণ এলাকার আওতাধীন কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেণির গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
সবশেষে সভাপতি মো. এনামুল করিম চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।