মার্কিন যুক্তরাষ্ট্রের লারাক দ্বীপে হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে।

সোমবার (৩১ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে।

ইরান জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা ঘাঁটিতে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারেও।

বাজার বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, ‘মনে হচ্ছে, আমরা আবারও উত্তেজনা বৃদ্ধির একটি পর্যায়ে প্রবেশ করেছি। এটি কত দিন স্থায়ী হবে, তা বলা কঠিন। কয়েক দিন হতে পারে, আবার কয়েক সপ্তাহও স্থায়ী হতে পারে।’

আইজি মার্কেটের এই বিশ্লেষকের মতে, মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার পরবর্তী গতিপ্রকৃতির ওপর তেলের বাজারের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।