টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে বিএনপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আড়িয়ল ইউনিয়ন বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের উদ্যোগ ও অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, ডায়াবেটিস, নাক-কান-গলা, চর্ম, যৌন ও এলার্জি রোগ বিষয়ে চিকিৎসাসেবা দেন ডা. মো. টুটুল ঢালী। এছাড়া গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং সনোলজিস্ট ডা. ফেরদৌসী আউয়াল নারী ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এসময় রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলি নান্টু মাদবর। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা কর্মসূচি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে নিম্নআয়ের মানুষ চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন।
আয়োজক মঞ্জু শেখ ফারুক বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।