পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি গুলিতে নিহত হয়েছেন। গত ১৪ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসে রাওয়ালপিন্ডির তক্ষশীলায় এ ঘটনা ঘটে। ২৮ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে শোক নেমে এসেছে তার পরিবার, ভক্ত ও পাকিস্তানের বিনোদন অঙ্গনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আয়েশা গিলামানা নামে পরিচিত ছিলেন শামসো। তার টিকটক অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ছিল ১৩ লাখের বেশি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই নিয়ামাতুল্লাহ।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তির ফোন পেয়ে ভাই নিয়ামাতুল্লাহ ও বোন আসিমাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন শামসো। কিছুক্ষণ পর একটি পেট্রোল পাম্পের কাছে তাদের লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি চালায়।

গুলিতে শামসোর ঘাড়ে আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার বোন আসিমাও গুরুতর আহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে হামলার একটি ভিডিও প্রকাশের কথা বলা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

শামসোর পরিবারের দাবি, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির কাছে আর্থিক পাওনা নিয়ে আগে থেকেই হুমকি পাচ্ছিলেন তিনি। তবে হামলার সঙ্গে ওই দুজনের সম্পৃক্ততা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এদিকে শামসো বিবি হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার ও ভক্তরা।

সূত্র: আনন্দবাজার