ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনার পর নিখোঁজ হওয়া হাফিজুর রহমান (২৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায় দুর্ঘটনাকবলিত বাসটি যে খাদে পড়ে গিয়েছিল, সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের মির্জা কাওসার মোল্যার ছেলে এবং বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ফাইনাল পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হন তিনি। ওইদিন মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাইকহারি এলাকায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে হাফিজুর নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার সময় তিনি বাস থেকে ছিটকে খাদে পড়ে পানিতে তলিয়ে যান। বুধবার সকালে স্থানীয় এক কৃষক খাদে পাট জাগ দিতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।