হরমুজ প্রণালি ও কেশম দ্বীপকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে কুয়েত ও বাহরাইনকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতার অভিযোগে দায়ী করেছে ইরান।
বুধবার (৩ জুন) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ খুব ভোরে হরমুজ প্রণালির কাছে ইরানের একটা তেলের ট্যাংকারে হামলা এবং একই সময়ে ইরানের কেশম দ্বীপে একটা যোগাযোগের টাওয়ারে হামলার তীব্র নিন্দা জানায়।
ইরানের দাবি, এসব হামলা যুদ্ধবিরতির সমঝোতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
বিবৃতিতে ইরান জানায়, আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে এবং ভবিষ্যতে যেকোনো হামলার উৎসকে লক্ষ্য করে প্রতিক্রিয়া জানানোসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। কুয়েত ও বাহরাইন তাদের ভূখণ্ড ও স্থাপনা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দিয়েছে। এ কারণে দেশ দুটির ওপর ‘সরাসরি ও স্পষ্ট দায়’ বর্তায় বলে দাবি করেছে তেহরান। তাই ইরান কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করছে।
তবে, ইরান এভাবে দাবি করলেও, কুয়েত বলছে ইরানের আঘাত এসে পড়ছে বেসামরিক স্থাপনায় এবং ইরানের মিসাইল ও ড্রোনের টার্গেট ছিল বেসামরিক স্থাপনা।
আজ কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালসহ বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আলজাজিরা