যুক্তরাজ্যের সংসদে একটি ঐতিহাসিক তামাক ও ভেপিং বিল পাস হয়েছে। এই আইনের মাধ্যমে ১৭ বছর বা তার কম বয়সীদের জন্য সিগারেট কেনা আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কমন্স সভা এবং লর্ডস সভা—সংসদের উভয় কক্ষই বিলটির চূড়ান্ত খসড়ায় একমত হয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কাউকে তামাকজাত পণ্য বিক্রি করা বেআইনি হবে। এর লক্ষ্য হলো ভবিষ্যতে একটি ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করা। রাজকীয় অনুমোদন পেলে সরকার তামাক, ভেপিং ও নিকোটিনজাত পণ্যের স্বাদ, প্যাকেটের নকশা ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণের নতুন ক্ষমতা পাবে।

যুক্তরাজ্যে ধূমপান এখনো প্রতিরোধযোগ্য মৃত্যু, অসুস্থতা ও অক্ষমতার অন্যতম প্রধান কারণ। এই স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে এই আইনটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এর ফলে শিশু বহনকারী গাড়িতে, খেলার মাঠে, স্কুলের বাইরে এবং হাসপাতালে ভেপিং নিষিদ্ধ হবে। তবে ধূমপান ছাড়তে চান এমন মানুষদের কথা বিবেচনা করে হাসপাতালের বাইরে ভেপিং করার সুযোগ রাখা হয়েছে। পাব গার্ডেন, সমুদ্র সৈকত ও ব্যক্তিগত বাইরের জায়গাগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না। নিজের বাড়িতে ধূমপান ও ভেপিং করা যাবে আগের মতোই।

স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং এটিকে জাতির স্বাস্থ্যের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘চিকিৎসার চেয়ে প্রতিরোধ ভালো, এই সংস্কার জীবন বাঁচাবে, এনএইচএসের চাপ কমাবে এবং একটি স্বাস্থ্যকর ব্রিটেন গড়বে।’

স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন লর্ডসে বলেছেন, ‘এটি আসলে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য হস্তক্ষেপ। আমি সকল সম্মানিত লর্ডদের আশ্বস্ত করতে পারি, এটি জীবন বাঁচাবে।’