আরটি, রয়টার্স : যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কের সবচেয়ে বড় দুর্বল দিকটি কী? এর উত্তর এক কথায় এভাবে দেওয়া যায় ইউরোপের ওয়াশিংটনকে যতটা প্রয়োজন, এই মহাদেশকে ওয়াশিংটনের তার চেয়ে বেশি প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রবেশ ঘটে ইউরোপে। তারা মহাদেশটির পশ্চিম অংশে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করে, ওই অঞ্চলের নিরাপত্তাকাঠামোর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে এবং কয়েক দশক ধরে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় ইউরোপকে অগ্রবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহার শুরু করে।
এভাবে ১৯৪০-এর দশকের শেষভাগে তারা পশ্চিম ইউরোপের অভিজাতদের কমিউনিস্ট আন্দোলনের হুমকি থেকে রক্ষা করে। যদিও যুক্তরাষ্ট্রের এই সুরক্ষাকে একদিকে যেমন উপকার হিসেবে দেখা হয়, একই সঙ্গে বার্লিন, প্যারিস বা লন্ডনে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড কখনোই পুরোপুরি ক্ষমার চোখে দেখা হয়নি। এর অর্থ এই নয় যে সেই দীর্ঘস্থায়ী ক্ষোভ থেকে পশ্চিম ইউরোপ এখন নিজের ট্রান্স–আটলান্টিক অভিভাবকের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছে; বরং পশ্চিম ইউরোপের অভিজাত শ্রেণি এখন আরও বেশি সতর্ক এবং আরও বেশি আপসকামী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র যখনই কোনো দুর্বলতা দেখাবে, ইউরোপীয়রা সুযোগসন্ধানী হয়ে উঠবে এবং কোনো আবেগ দেখানো ছাড়াই ওই পরিস্থিতির সুযোগ নেবে।
সে সময় এখন এসে গেছে: ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো এমন সুযোগ তৈরি করেছে এবং পশ্চিম ইউরোপের দেশগুলো সে সুযোগ এরই মধ্যে কাজে লাগাতে শুরু করেছে। এর সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আচরণে, যখন তিনি হঠাৎ ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গী না হওয়ার সিদ্ধান্ত নেন।
যারা এখনো ট্রান্স–আটলান্টিক জোটের অটুট ঐক্যে বিশ্বাস করেন, তাদের কাছে এটি আশ্চর্যজনক মনে হতে পারে; কিন্তু বাস্তবে গত ৮০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের সম্পর্ক যে যুক্তিতে টিকে আছে, এটি তার মোটেও সামঞ্জস্যহীন নয়। এখন এই অঞ্চলের অন্য বড় শক্তিগুলোও সম্ভবত একই ধরনের সতর্ক অবস্থান নেবে। এমনকি ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বা সামরিক জোটটিকে দুর্বল করে দেওয়ার যুক্তরাষ্ট্রের হুমকির পরও তাদের ওয়াশিংটনের সমর্থনে হরমুজ প্রণালিতে সরাসরি সংঘাতে জড়ানোর আশঙ্কা আসলেই কম। পশ্চিম ইউরোপ একটি মৌলিক বিষয় খুব ভালো করেই বোঝে। সেটি হলো এই মহাদেশে তাদের ছাড়া যুক্তরাষ্ট্র ভূরাজনৈতিকভাবে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকে। তাই ন্যাটো মূলত বাইরের হুমকি থেকে স্থানীয় জনগণকে (ইউরোপীয়দের) রক্ষা করার জন্য রয়েছেÍএমন প্রচলিত ধারণা অনেকাংশেই একটি সুবিধাবাদী কল্পিত ব্যাখ্যা। এটি অন্য একটি মৌলিক বাস্তবতাকে আড়াল করে; আর তা হলো এই ‘বিশেষ সম্পর্ক’ বজায় রাখার মাধ্যমে সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা নেয় ওয়াশিংটন।
ওয়াশিংটন যেসব ঝুঁকিতে পড়তে পারে: প্রথমত, একটি ভৌগোলিক ঘাঁটি হিসেবে ইউরোপকে হারালে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কৌশলগত ভারসাম্য মৌলিকভাবে বদলে দেবে। তাদের মাঝখানে তখন আর এই ‘গ্রে জোন’ থাকবে না। ফলে যেকোনো সংঘাত মুহূর্তেই আরও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, রাশিয়ার সীমান্তের কাছে পারমাণবিক সক্ষমতাসহ সামরিক সম্পদ মোতায়েন করে চাপ প্রয়োগের যে সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে, ইউরোপকে হারালে তাদের সেই সক্ষমতা আর থাকবে না। এখানে উল্লেখ্য, ইউরোপের কারণে যুক্তরাষ্ট্রের হাতে এ সুযোগ থাকলেও পশ্চিম গোলার্ধে রাশিয়ার হাতে এমন সুযোগ নেই। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র যদি ইউরোপ থেকে সরে যায়, তাহলে মস্কোর দৃষ্টিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো অর্থবহ কৌশলগত সংলাপ দেশটির কাছে ক্রমে অর্থহীন হয়ে পড়বে। এর ফলে রাশিয়া আরও দ্রুত চীনের দিকে ঝুঁকে যেতে পারে।
অন্যভাবে বলতে গেলে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কোনো দান বা উদারতা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। অন্যান্য বড় শক্তির সঙ্গে বৃহত্তর প্রতিযোগিতায় কূটনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগ করতে এই সম্পদ যুক্তরাষ্ট্রের একটি হাতিয়ার হয়ে আছে। পশ্চিম ইউরোপের নেতারা এ বিষয়টি খুব ভালোভাবেই বোঝেন। সঙ্গে তাঁরা আরেকটি বিষয়ও খুব ভালোভাবে বোঝেন; তা হলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তাকে যেভাবে উপস্থাপন করা হয়, বাস্তবে তা ঠিক ততটা নিশ্চিত নয়। এমনকি স্নায়ুযুদ্ধের সময়ও ইউরোপের খুব কম মানুষ সত্যি সত্যি এটা বিশ্বাস করতেন যে প্যারিসে সোভিয়েত হামলা হলে তার জবাব দিতে যুক্তরাষ্ট্র নিজেদের শহর নিউইয়র্ক বা বোস্টনকে ঝুঁকিতে ফেলবে। এই সংশয় থেকেই ইউরোপ একটি স্বতন্ত্র কৌশলগত অবস্থান গড়ে তুলেছে, বিশেষ করে ফ্রান্সের পারমাণবিক নীতিমালা।