থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষক নিহত এবং চারজন আহত হয়েছেন। পরে হামলাকারী শিক্ষার্থী নিজে আত্মহত্যা করে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার সকালে ব্যাংককের উত্তর-পশ্চিমাঞ্চলের নোনথাবুরি প্রদেশের বাং ক্রুয়াই জেলায় অবস্থিত দেবসিরিন নোনথাবুরি স্কুলে এই ঘটনা ঘটে।

নোনথাবুরি প্রভিন্সিয়াল পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডেকরাপী কোংদি বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। আহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, প্রথমে তারা ভেবেছিলেন কেউ বাজি ফোটাচ্ছে বা কোনো কিছু দিয়ে শব্দ করছে। কিন্তু মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি গুলির শব্দ শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে নিরাপদ আশ্রয়ে ছুটে পালিয়ে আসে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও জরুরি সেবামূলক সংস্থাগুলো।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আরেকটি স্কুল গোলাগুলির ঘটনার সাক্ষী হয়েছিল। দেশটিতে কঠোর অস্ত্র আইন এবং অস্ত্র কেনা বা লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য পরীক্ষার নিয়ম থাকা সত্ত্বেও মাঝেমধ্যে এ ধরনের সহিংস ঘটনা উদ্বেগের জন্ম দিচ্ছে।