বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সুখবর দিয়েছে মেটা। ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন প্ল্যাটফর্মে পেমেন্টের মাধ্যম হিসেবে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা বিকাশ যুক্ত করার উদ্যোগ নিয়েছে। ফলে ভবিষ্যতে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

যদিও সুবিধাটি এখনো সব ব্যবহারকারীর জন্য চালু হয়নি, তবে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী ইতোমধ্যে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল সফলভাবে পরিশোধ করতে পেরেছেন।

ব্যবহারকারীদের শেয়ার করা বিভিন্ন স্ক্রিনশটে দেখা গেছে, ফেসবুক অ্যাডস ম্যানেজারের ‘Add Payment Method’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ-এর নামও যুক্ত হয়েছে। এ সুবিধা ব্যবহার করে কয়েকজন বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা এবং ব্যাংকিং সংক্রান্ত নানা জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তারা ভোগান্তিতে পড়তেন। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ ছিল ব্যয়বহুল ও জটিল। বিকাশ যুক্ত হলে স্থানীয়ভাবে সহজ ও দ্রুত পেমেন্টের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিকাশের মতো দেশীয় মোবাইল আর্থিক সেবা যুক্ত হলে স্থানীয় মুদ্রায় আরও সহজে বিজ্ঞাপনের খরচ পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মেটা নতুন পেমেন্ট সুবিধা সবার জন্য চালুর আগে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করে। তাই বর্তমানে ফিচারটি সব অ্যাকাউন্টে দৃশ্যমান না হলেও, ট্রায়াল সফল হলে এটি পর্যায়ক্রমে আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে।

এদিকে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তারপরও পরীক্ষামূলক পর্যায়ে ফিচারটির উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তাদের জন্য ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।