তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুদ্ধকামী ও উসকানিমূলক নীতির মাধ্যমে ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলছে।‍

তুরস্কের প্রেসিডেন্ট শুক্রবার (২৮ আগস্ট) তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েল সম্পর্কে এই মন্তব্য করেন।

তিনি বলেন, জায়নবাদ তার প্রতিবেশীদের শান্তির জন্য হুমকি। তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে মানবিক মূল্যবোধ রক্ষাকারীদের লক্ষ্যবস্তু করার অভিযোগও করেন।

এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সমালোচনা জানিয়ে বলেন, ইসরায়েলের গণহত্যার নেটওয়ার্কের আইনবহির্ভূত নীতিগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া অপর্যাপ্ত, যেসব নীতি নিয়ম, নীতিমালা, মূল্যবোধ ও সীমারেখাকে উপেক্ষা করে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক উত্তেজনা উচ্চমাত্রায় থাকা অবস্থায় তুরস্ক ইসলামী বিশ্বজুড়ে জোট ও অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য কাজ করছে।

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বিমান হামলার পর এরদোয়ান এমন মন্তব্য করলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ওই হামলার লক্ষ্য ছিল তুরস্কের সেনাদের সেখানে মোতায়েন হওয়া ঠেকানো।