মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ও ইসরায়েল-এর মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সেখানে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদ। মার্কিন মধ্যস্থতায় চলমান আলোচনার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, খুব শিগগিরই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। তার মতে, চলমান এই যুদ্ধবিরতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি বৃহত্তর শান্তি চুক্তির পথ তৈরি করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৪৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিরোধে জড়িত এই দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হলেও গত সপ্তাহে উভয় পক্ষের তরফ থেকে একাধিকবার তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহের জন্য বহাল থাকবে। বৈঠকটি ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে তিনি বলেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর-এর বিরুদ্ধে আত্মরক্ষায় লেবাননকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে।