বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নাইট্রোজেন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ব্রি মিলনায়তনে বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির উদ্যোগে ‘দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন পরিস্থিতি: ক্ষয়, ব্যবহার দক্ষতা এবং নাইট্রোজেন অপচয় অর্ধেকে নামিয়ে আনার সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি ড. মো. মনোয়ার করিম খানের সভাপতিত্বে সেমিনারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞানী ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এম. জহিরউদ্দীন এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম আলোচনায় অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
মূল প্রবন্ধে দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেনের ব্যবহার, ক্ষয় ও কম ব্যবহার দক্ষতার চিত্র তুলে ধরে সুষম সার ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। নাইট্রোজেনের অপচয় কমাতে ধীর-মুক্তি সার, নিম-কোটেড ইউরিয়া, বায়োচার, ভার্মিকম্পোস্ট, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি ও ন্যানো ইউরিয়ার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে নাইট্রোজেনের অপচয় ও পরিবেশগত ক্ষতি কমানো, সার ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে ব্রির বিভিন্ন গবেষণা বিভাগ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান, বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ এবং বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।