রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ বছরের শিশু রামিসাকে। প্রতিবেশী দ্বারা ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন এই শিশু। এমন ন্যক্কারজনক ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশের ক্রীড়াঙ্গনেও এ নির্মম ও লোমহর্ষক হত্যাকান্ডের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, শোক আর তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে একযোগে গর্জে উঠেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। বিচার চেয়ে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতান জ্যোতি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না... ’ ‘রামিসা হত্যার বিচার চাই! জাস্টিস ফর রামিসা।’ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।’ অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার আমি জোরালোভাবে দাবি করছি। কোনো পরিবার যেন কখনও এমন অসহনীয় কষ্ট ও ট্র্যাজেডির মধ্য দিয়ে না যায়।’ সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালও নিজের ফেসবুক পোস্টে রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কন্যা সন্তানের বাবা হিসেবে কোনোভাবেই এমন ঘটনা মেনে নিতে পারছেন না লিটন কুমার দাস। সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী চেয়ে লিখেছেন, ‘এ ধরনের ঘটনা কোনো সমাজেই সহ্য করা যায় না। আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ পৃথিবী প্রয়োজন, যেখানে তারা ভয় ছাড়া বড় হতে পারে।’ তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের পোস্টে শরিফুল ইসলাম লিখেছেন, ‘জয়ের আনন্দ এখনো আছে কিন্তু মনটা বিষণœ, হতাশ। কী দোষ ছিল এই ছোট্ট শিশুর? আমরা কবে এসব থেকে মুক্ত হব? ...হত্যার বিচার চাই। ধর্ষণ যারা করে তাদের এমন উপযুক্ত শাস্তি চাই, যেন পরেরবার কেউ এই ঘৃণিত কাজ করার চিন্তাও করতে না পারে। সবাই মিলে কবে আমরা একটা দেশ হয়ে উঠব? ...হত্যার বিচার চাই।’ এদিকে ঘটনার নৃশংসতায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি খোলা চিঠি লিখেছেন তিনি, ‘আসসালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধÑএ দেশটি আপনি সেভ করুন। এই দেশে আর কোনো শিশুই নিরাপদ নয়। কিছু মানুষ হিংস্র পশুর থেকেও বেশি হিংস্র হয়ে গেছে, এবং যারা সমাজে এসব কাজে লিপ্ত, তাদের জন্য আপনি সংবিধান পরিবর্তন করে কঠোর শাস্তি, ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করুন। বিচারব্যবস্থা এমন করুন যাতে কেউ আর সাহস না পায় এ ধরনের জঘন্য কাজ করতে।
এসব মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বিষয়ে সংবিধান পরিবর্তন করুন- এই দেশের প্রতিটি দলের মানুষ এই কাজের জন্য আপনার পাশে থাকবে, ইনশাআল্লাহ।’ অন্যায়ের বিরুদ্ধে চুপ না থাকার বার্তা দিয়ে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব নিজের পোস্টে লিখেছেন, ‘কোনো শিশুরই এমন ভয়াবহ নিষ্ঠুরতার মুখোমুখি হওয়া উচিত নয়। চুপ করে থাকা কোনো সমাধান হতে পারে না। আমরা বিচার চাই, জবাবদিহিতা চাই এবং শিশুদের জন্য আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা চাই।’ বার্তার শেষে তিনি #JusticeForRamisa হ্যাশট্যাগ ব্যবহার করে এই প্রতিবাদে সংহতি জানান।