এফএ কাপের শিরোপা নিজেদের করে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ব্লুজদের ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের অষ্টম শিরোপা ঘরে তুলল পেপ গার্দিওলার দল। এই জয়ের মাধ্যমে ঘরোয়া ফুটবলে ট্রেবল অর্থাৎ তিন শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল সিটিজেনরা। গত মার্চে আর্সেনালকে হারিয়ে কারবাও কাপ (লিগ কাপ) জিতেছিল ম্যানসিটি। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও তাদের ট্রফির লড়াই চলছে গানার্সদের সঙ্গে। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান ২ পয়েন্টের। চ্যাম্পিয়ন হতে হলে বাকি দুই ম্যাচ জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচটের অপেক্ষা করতে হবে সিটিজেনদের। গত দুই আসরের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পর এফএ কাপ ঘরে নিলো ম্যানসিটি। এই ট্রফি জয়ের ফলে ম্যানসিটির ডাগআউটে কোচ পেপ গার্দিওলা তার ২০তম শিরোপার স্বাদ পেলেন, যার মধ্যে এফএ কাপের ট্রফি তিনটি। সিটির মনোযোগ এখন পুরোপুরি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দিকে। হাইভোল্টেজ এই ফাইনালে শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। রক্ষণভাগ জমাট রেখে ম্যানসিটিকে দীর্ঘক্ষণ আটকে রাখতে সক্ষম হয় চেলসি। ম্যাচের ২৭ মিনিটে আর্লিং হালান্ড চেলসির জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের আরেকটি নিশ্চিত গোল দারুণ দক্ষতায় রুখে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ। বিরতি থেকে ফিরে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে কেউই জালের দেখা পাচ্ছিল না। অবশেষে ৭২ মিনিটে ম্যানসিটি গোলের দেখা পায়।