বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ। প্রথম টেস্ট ঢাকায় হলেও দ্বিতীয় টেস্ট হবে সিলেটে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয়ের লক্ষ্যে আজ পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলতে নামছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সকাল ১০টায়। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের টেস্টে বৃষ্টির বাগড়া ছিল। চতুর্থ দিন তো এক সেশন পুরোটাই গেছে বৃষ্টির পেটে। সেই ম্যাচ শেষ দিনে দারুণ বোলিংয়ে ১০৪ রানে জিতেছে বাংলাদেশ। সিলেটে শেষ টেস্টের আগের দিনও হয়েছে বৃষ্টি। পাকিস্তান ক্রিকেট দল ইনডোরে অনুশীলন করেছে। বাংলাদেশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে অনুশীলন করেছে। আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদই মিলছে। টেস্টের প্রথম দিনেই বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ। মেঘ ঢেকে থাকবে ৯৫ শতাংশ। ১১.৭ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দিনের শেষ ভাগে প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়তে পারে। তবে দ্বিতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে। ২০২৪ সালে পাকিস্তান সফরে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে বড় ভূমিকা রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক এবং পেসার নাহিদ রানা। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন শান্ত। শান্তর পাশাপাশি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মোমিনুল। দুই ইনিংসে যথাক্রমে- ৯১ ও ৫৬ রান করেন তিনি। বল হাতে বাংলাদেশের সফল বোলার রানা। বিশেষভাবে দ্বিতীয় ইনিংসে আগুন ঝড়ানো বোলিংয়ে পাকিস্তানকে ধসিয়ে দেন তিনি। ৯ দশমিক ৫ ওভার বল করে ৪০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন নাহিদ। এতে ২৬৮ রানের জয়ের লক্ষ্যে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম দুই ইনিংসে বাংলাদেশ যথাক্রমে ৪১৩ ও ৯ উইকেটে ২৪০ রান করে। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৮৬ রান।

প্রথম ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় টেস্টেও জয় পেতে চান ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমাদের লক্ষ্য টেস্ট জয়। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। আমরা জানি কীভাবে পাকিস্তানকে আক্রমণ করতে হবে। আমাদের পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে পাকিস্তানকে চাপে ফেলতে পারব।’ মিরপুরে হারের দুঃস্মৃতি ভুলে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। বাঁ-হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। তবে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরছেন তিনি। দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ বলেন, ‘এই টেস্টটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ হার এড়ানোর জন্য জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দল। আগের ম্যাচের ভুলগুলো শুধরে ভালো ক্রিকেট খেলা এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চায় দল।’

এখন পর্যন্ত টেস্টে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৩টিতে এবং পাকিস্তান জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।