বাংলাদেশের কাছে টানা তিন টেস্ট হারের পর ওঠা সমালোচনার ঢেউয়ে গা ভাসিয়ে দিচ্ছে না পাকিস্তান। বরং সিলেটে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের মনে। মিরপুর টেস্টের শেষ দিনে লাঞ্চের আগে পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তারপর বোলারদের তোপের মুখে ১৬৩ রানে অলআউট হয় সফরকারীরা। ১০৪ রানের বিশাল ব্যবধানে হারের পর শান মাসুদরা কঠোর সমালোচনায় বিদ্ধ হয়েছে। আজ থেকে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। সিলেটে সিরিজ বাঁচানোর মিশন পাকিস্তানের সামনে। প্রথম টেস্টের পারফরম্যান্স নিয়ে স্বাভাবিকভাবে অসন্তুষ্ট কোচ সরফরাজ আহমেদ। তবে পাকিস্তানের সবশেষ আইসিসি ইভেন্ট জয়ী অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সরফরাজ বললেন, ‘প্রথম টেস্টের পর আমরা খুবই হতাশ, বিশেষ করে দল হিসেবে। কিন্তু পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস আছে। আমাদের জন্য সমালোচনা নতুন কিছু নয়, যখন পারফরম্যান্স বাজে হয়। আর সাবেক খেলোয়াড়দের মন্তব্য আমাদের প্রভাবিত করে না।’ সোশাল মিডিয়াতে নানান সমালোচনা সম্পর্কে অবগত সরফরাজ। তাতে কান দিতে নারাজ তিনি, ‘ সোশাল মিডিয়ায় নানান কথাবার্তা হচ্ছে, আমরা সেদিকে কান দিচ্ছি না। আমাদের পুরো মনোযোগ পরের ম্যাচে। আমি আশা করি সিনিয়র খেলোয়াড়রা দায়িত্ব নেবে এবং পরিকল্পনা অনুযায়ী আমরা আলোচনা করব।’ এর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এবার সেই সাফল্যের ধারা ধরে রেখে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার হোম টেস্ট জিতল নাজমুল হোসেন শান্তরা। নাহিদ রানা গতির ঝড় তুলে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জয়ে অবদান রাখেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তান। যেখানে চোটের কারণে খেলতে পারেননি দলটির সাবেক অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগেরদিন তিনি হাঁটুতে চোট পান। সিলেটে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় আছেন বাবর। সিরিজ বাঁচানোর ম্যাচটিতে তার ফেরায় খুশি পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদও। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এটি আমাদের জন্য অনেক ইতিবাচক। যদি বাবর আজমের কথা বলেন, গত পিএসএলে সে যেভাবে খেলেছে তাতে তাকে কৌশলগতভাবে শক্তিশালী এবং মানসিকভাবে সতেজ মনে হচ্ছে। তাকে দলে পেয়ে আমরা খুশি।’ হার দিয়ে বাংলাদেশ সফর শুরুর পর শান মাসুদের দলকে সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছে। এ নিয়ে সরফরাজ বললেন, ‘এটি আমাদের জন্য নতুন কিছু নয়। নিশ্চিতভাবেই আমরা সবাই জানি যদি আমরা ভালো ক্রিকেট না খেলি তবে সমালোচনা হবেই। তাই আমরা সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য হলো পরবর্তী ম্যাচ খেলা এবং আশা করি আমার অধিনায়ক ও পুরো দল পরবর্তী ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলবে ইনশাআল্লাহ।’ পাকিস্তানের স্কোয়াডে আরেক অভিজ্ঞ তারকা মোহাম্মদ রিজওয়ান মিরপুরে প্রথম টেস্টে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। সরফরাজ অবশ্য তার ফর্মে ফেরা নিয়ে আশাবাদী, ‘রিজওয়ান একজন অসাধারণ উইকেটকিপার। অনেক সময় পর যখন আপনি কোনো সংস্করণে খেলেন তখন এমনটা হতে পারে। তবে আমার বিশ্বাস সে ব্যাটিং ও কিপিং দিয়ে পাকিস্তানের জন্য ভালো করবে।’