বাংলাদেশ নারী ক্রিকেটের দীর্ঘদিনের একটি আক্ষেপ ঘুচলো অবশেষে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনার্স বোর্ডে এতদিন জায়গা ছিল শুধু পুরুষ ক্রিকেটারদের নাম। এবার সেই দেয়ালে নারী ক্রিকেটারদের অর্জনের স্বীকৃতিরও দেখা মিলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের উদ্যোগেই তৈরি করা হয়েছে মেয়েদের অনার্স বোর্ড।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তামিম। তিনি লিখেছেন, ‘এই দুটি বোর্ডে গর্বের অক্ষরে খোদাই করা আছে আমাদের জাতীয় ক্রিকেটারদের নাম, বাংলাদেশের হয়ে যারা খেলেছেন উইমেন’স ওয়ানডে ও টি-টোয়েন্টি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল ভবনে ঢোকার মুখে এক পাশের দেয়ালে ছেলেদের দলের অনার্স বোর্ড আছে। কিন্তু মেয়েদের অনার্স বোর্ড ছিল না। ওদের সঙ্গে বৈঠকের সময় ব্যাপারটি নিয়ে ওরা কিছুটা আক্ষেপ করেছিল। এখন একই প্রবেশমুখের আরেক পাশের দেয়ালে মেয়েদের অনার্স বোর্ডও করা হয়েছে এবং এটা ওদের প্রাপ্য।’

তিনি আরও লিখেছেন, ‘নারী দল হোক বা পুরুষ দল, সবাই আন্তর্জাতিক ক্রিকেটার, সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, সবারই এই সম্মান প্রাপ্য। সবাই মিলেই আমরা বাংলাদেশের ক্রিকেট। এর মাধ্যমে দেশের নারী ক্রিকেটারদের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার পাশাপাশি সমতার বার্তাও তুলে ধরেছে বিসিবি।’