অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজনের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটারের জন্য এই টুর্নামেন্ট বড় আয়ের উৎস হলেও এবার দীর্ঘদিন ধরেই লিগ আয়োজন নিয়ে ছিল নানা জটিলতা। বিসিবির সবশেষ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে লিগ বয়কট করে আসছিল ঢাকার ৩৯টি ক্লাব। ফলে লিগ আদৌ অনুষ্ঠিত হবে কি নাÑএ নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন। তবে নির্বাচনে অনিয়মের কারণেই জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই প্রিমিয়ার লিগ আয়োজনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। সেই আলোচনায় অংশ নেয় প্রায় সব ক্লাব এবং লিগে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানায় তারা। বৈঠকে দলবদল ও টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় নিয়েও আলোচনা হয়েছে।
একই সঙ্গে ভেন্যু নিয়েও নতুন পরিকল্পনা সামনে এসেছে। প্রতিদিন ছয়টি ম্যাচ আয়োজনের চিন্তা থেকে ছয়টি মাঠ ব্যবহারের প্রস্তাব আলোচনা হয়েছে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে বিকেএসপির দুটি মাঠ, পিকেএসপি, বসুন্ধরার রাইডার্স এরেনা, ক্রিকেটার্স একাডেমি এবং সিলিকন ভ্যালি গ্রাউন্ড। মাঠগুলোর প্রস্তুতি ও প্রয়োজনীয় সুযোগ–সুবিধা যাচাই করে শেষ পর্যন্ত কোন ভেন্যুগুলো ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২১ এপ্রিল থেকে শুরু হবে বিসিএল। মে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের ম্যাচপ্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ চার দিনের ম্যাচের এই আসর। প্রথম দুই রাউন্ড হওয়ার পর বিসিএলে বিরতি দিয়ে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে প্রিমিয়ার লিগ। দলবদলের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২১ ও ২২ এপ্রিল। সভায় লিগের ক্লাবগুলোর জন্য বিসিবির অনুদান ১৫ থেকে বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছে। আগের আসরের মতো এবারও থাকছে না বিদেশি ক্রিকেটার। এ নিয়ে আলোচনা হলেও বিশ্বকাপ সামনে রেখে স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ বেশি রাখতে এমন সিদ্ধান্ত। এ ছাড়া সময় স্বল্পতার কারণে এবারের লিগে থাকবে না সুপার লিগ, সিঙ্গেল লিগ পদ্ধতিতেই পয়েন্ট তালিকার শীর্ষ দল শিরোপা পাবে। এত দিন ম্যাচের দিন দুপুরের খাবার নিজেদেরই ব্যবস্থা করতে হতো ক্লাবগুলোকে। এখন থেকে বিসিবি তা করবে। এ ছাড়া মেডিকেল সাপোর্ট ও আইসিইউ অ্যাম্বুলেন্সের দাবিও জানিয়েছে ক্লাবগুলো। সব ক্লাবের অংশগ্রহণে নতুন করে হতে পারে প্রথম এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগও। আগামী আজ শনিবার এই দুই লিগের ক্লাবগুলোকে আলোচনার জন্য ডেকেছে বিসিবি। সভায় তাদের নতুন করে লিগ খেলার প্রস্তাব দেয়া হতে পারে। আমিনুলের নেতৃত্বাধীন বোর্ডে ৪৫টি ক্লাবের বয়কট কর্মসূচির কারণে প্রথম বিভাগে ২০টির মধ্যে ১২টি এবং দ্বিতীয় বিভাগেও ২৪টির মধ্যে ১২টি ক্লাব নিয়ে লিগ হয়েছিল।