রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় কাঁচা রাস্তা পাকাকরণ ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা।

গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দিনের রাজবাড়ী সফরে তিনি জেলার বিভিন্ন উপজেলা এলাকায় কাঁচা রাস্তা পাকাকরণে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সার্কিট হাউসে অবস্থান করেন।

পরিদর্শনকালে নূরুন্নিসা সিদ্দিকা সংশ্লিষ্ট রাস্তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি রাস্তা পাকাকরণ ও উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জেলা শাখার সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মো. আলীমুজ্জামান, বানিবহ ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলী আকবরসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

রাস্তা পরিদর্শনকালে নূরুন্নিসা সিদ্দিকা বলেন, “রাস্তাগুলোর যে বেহাল দশা, তাতে আরও আগেই এসব রাস্তার উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি। ইনশাআল্লাহ, আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে এসব রাস্তা পাকাকরণ করা হবে।”

তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে স্থানীয় মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে। তাই জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।