বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ‘পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে’। যেই রাজনীতি হবে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, মামলাবাজদের বিরুদ্ধে, দুর্নীতি-অন্যায়-অনাচারের বিরুদ্ধে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে। আগামীর বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। একটি আদর্শ কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে কেবলই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত রূপ দিতে যুবসমাজকে অতীতের মতো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। নগরীর ৯নং ওয়ার্ডের স্থানীয় যুবকদের উদ্যোগে ১৬ দলীয় মুজগুন্নী প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। খুলনা বিশেষায়িত হাসপাতাল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বাস্তহারা ক্রীড়া চক্র টসে জয়ী হয়ে ব্যাটিং করে। ফিল্ডিং করে মুজগুন্নী টাইগার্স। বাস্তাহারা ক্রীড়া চক্রে ১০ ওভারে ১৩৫ রানের টার্গেটে ৬০ রানে পরাজিত হয় মুজগুন্নী টাইগার্স। ম্যান অব দ্যা সিরিজ হন ইয়াসিন।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে খালিশপুর থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি আব্দুল আউয়াল, অফিস সেক্রেটারি ও ৯নং ওয়ার্ড আমীর কাজী বায়েজীদ, যুব ও ক্রীড়া বিভাগীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানজারুল ইসলাম, ৯নং ওয়ার্ড সেক্রেটারি হোসেন আলী, ৯নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি কাজী জিয়াউল ইসলাম, ৯নং ওয়ার্ড অফিস সেক্রেটারি তোরাফ আলী, গোয়ালখালি পশ্চিম ইউনিট সভাপতি নূর আলী, গোয়ালখালি পূর্ব ইউনিট সভাপতি হাফেজ ইউনুস আলী, বিশিষ্ট সমাজ সেবক মল্লিক মাহমুদ প্রমুখ। খেলায় সার্বিক ভাবে সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী ও ৯নং ওয়ার্ড আমীর কাজী বায়েজীদ ও বিশিষ্ট সমাজ সেবক মল্লিক প্রেপাটিজের কর্ণধার সেলিম মল্লিক। খেলা পরিচালনা করেন শাফিন, জুম্মন, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
গত ৩০ এপ্রিল স্থানীয় যুবকদের আয়োজনে এ ১৬ দলীয় মুজগুন্নী প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু হয়। গত ২২ মে (শুক্রবার) বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাস্তহারা ক্রীড়া চক্রের খেলোয়ার ছিলেন কাদের, নাহিদ, জাহিদ, নিলয়, কামাল, নাছির, জামাল। অপরদিকে মুজগুন্নী টাইগার্স টিমে খেলেন জুম্মন, ইমরান, রহমত, ইয়াছিন, শফিকুল, মান্নান, শিমুল। মহানগরী আমীর আরও বলেন, তরুণ প্রজন্ম এবং যুবকদের হাতেই আগামীর নতুন খুলনা গড়তে হবে, গড়া সম্ভব। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল ফ্যাসিস্ট, গণহত্যাকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, শেয়ারবাজার লুণ্ঠনকারী, আমাদের মা-বোনদের ইজ্জত লুণ্ঠনকারী ও ধর্ষকদের বিরুদ্ধে। ওই আন্দোলনে লড়াই করে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছে, পুঙ্গত্ব বরণ করেছে তাদের মধ্যে সংখ্যায় যুবকরাই বেশি। এর অর্থ যুবকেরা নিজের চেয়ে দেশকে বেশি ভালোবেসে নিজের রক্ত ও জীবন উৎসর্গ করে দিতে সব সময় প্রস্তুত। যুবকদের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে কোন ভাবেই ব্যর্থ হতে দেব না, দেওয়া যাবে না। সেজন্য তিনি দলমত, জাতি-গোষ্ঠী, ধর্ম-বর্ণ বিভক্ত না করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।