ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬ দীর্ঘ স্থবিরতা আর অনিশ্চয়তার কাটিয়ে আগামীকাল সোমবার মাঠে ফিরছে। লিগের স্পন্সর করছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ কোম্পানী। ঐতিহ্যবাহী পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্ট এবার নতুন চেহারায় মাঠে ফিরছে। গত কয়েক মাস ঘরোয়া ক্রিকেট ছিল প্রায় থমকে। বোর্ডের দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই তামিম ইকবাল ও তার সহযোগীরা ক্লাবগুলোকে ডেকে আলোচনায় বসেন। তিনি প্রতিটি ক্লাবকে আশ্বস্ত করেন, অতীতের অনিয়ম আর পুনরাবৃত্তি হবে না, সবকিছু পরিচালিত হবে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে। সেই আস্থার সুবাদেই মাঠে ফিরছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। এবারের আসরে যথারীতি অংশ নিচ্ছে ১২টি দল। আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বশুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।
এবারের আসরে সবচেয়ে বড় পরিবর্তন হলো ভেন্যু বিন্যাস। আগে প্রায় প্রতিটি ম্যাচই বিকেএসপিতে হতো, যা খেলোয়াড়, আম্পায়ার এবং সাংবাদিক সবার জন্যই ছিল চরম ভোগান্তির। এবার সেই এক মাঠের উপর নির্ভরতা কমিয়ে ছয়টি ভেন্যুতে হবে খেলা। বিকেএসপির পাশাপাশি বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্স, মোহাম্মদপুরের ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস গ্রাউন্ড, পূর্বাচলের ক্রিকেটার্স অ্যাকাডেমি এবং রূপগঞ্জের পুবেগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠও এবার অন্তর্ভুক্ত হয়েছে। বৃষ্টির মৌসুম মাথায় রেখে প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। খেলোয়াড়দের নিরাপত্তায় এবার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিসিবি। গত দুই বছরে মাঠে চার থেকে পাঁচটি ভয়াবহ ঘটনা ঘটেছে। তামিম ইকবাল নিজেও যে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন তা অকপটে স্বীকার করেছেন। সেই মর্মান্তিক অভিজ্ঞতার আলোকে এবার প্রতিটি মাঠে রাখা হচ্ছে অ্যাম্বুলেন্স। বিশেষত চার থেকে পাঁচটি আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, যা বিভিন্ন মাঠে মোতায়েন থাকবে।
ম্যাচ ফিক্সিং ও দুর্নীতি রোধে এবার কঠোর অবস্থান নিয়েছে বোর্ড। বিপিএলে যেভাবে অ্যান্টি-করাপশন প্রোটোকল মানা হয়, ব্যক্তিগত ফোন নিষিদ্ধ, শুধুমাত্র টিম ম্যানেজারের কাছে একটি ফোন রাখার নিয়ম, এবার থেকে ঘরোয়া ক্রিকেটেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। খেলোয়াড় থেকে কোচ, সহকারী কোচিং স্টাফ পর্যন্ত সবাইকেই এই প্রক্রিয়া মেনে চলতে হবে। শনিবার ডিপিএলের লোগো ও ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘এবার নতুন সংযোজনের মধ্যে একটি হচ্ছে দুর্নীতি দমন সংক্রান্ত নিয়মকানুন। বিপিএলে আমরা টিম বাস থেকে নামার পরই মোবাইল ফোন জমা দিতে হতো। কেবল ম্যানেজারের কাছে একটি ফোন থাকতো এবং তিনিই সবার হয়ে যোগাযোগ করতেন। খেলোয়াড়, কোচ কিংবা কোচিং স্টাফ; কেউই ফোন রাখতে পারতেন না।’
তাই ডিপিএলেও একই ধরনের ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানান তামিম, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে। এ বছর থেকেই আমরা এসব বাস্তবায়ন শুরু করেছি। দল ও খেলোয়াড়রা ইতোমধ্যে প্রয়োজনীয় দুর্নীতি দমন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। এখানে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’ সাবেক এই অধিনায়ক আরও জানান, ঘরোয়া ক্রিকেট পরিচালনায় আন্তর্জাতিক মান অনুসরণের লক্ষ্যে বোর্ড কাজ করছে। সম্প্রচারের দিক থেকেও এবার বড় পরিবর্তন এসেছে। টি-স্পোর্টস আবারও সরাসরি সম্প্রচার করবে ডিপিএলের ম্যাচগুলো, যা দীর্ঘদিনের দাবি ছিল ক্রিকেটপ্রেমীদের।
আগামী লিগের প্রথম রাউন্ডেই নামছে সবগুলো দল। একসঙ্গে ছয়টি ম্যাচ শুরু হবে সকাল নয়টায়। বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে ঢাকা লেপার্ডসের, বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে সিটি ক্লাবের বিপক্ষে আর ইউল্যাব গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্স মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়নকে। এছাড়া ক্রিকেটার্স অ্যাকাডেমিতে লিজেন্ডস অফ রূপগঞ্জ খেলবে রূপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে, পুবেগাঁও মাঠে গুলশান ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে বশুন্ধরা স্ট্রাইকার্সের এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ৫ মে রিজার্ভ ডে এবং ৬ মে বিশ্রাম।