তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৬ সদস্যের দলটি সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে সরাসরি টিম হোটেলে যান খেলোয়াড় ও স্টাফরা।

এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলা তিনজন ক্রিকেটার ঢাকায় দলের সঙ্গে যোগ দেন। পরে রাতের ফ্লাইটে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টসহ আরও ২২ জন সদস্য ঢাকায় পৌঁছান।

সিরিজের সূচি অনুযায়ী, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে ২০ এপ্রিল। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর ২ মে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ আবারও ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার এই পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।