আগামী জুনের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল (শুক্রবার) সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এই সফরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের শুরুতেই হবে একমাত্র টেস্ট ম্যাচ। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব-এ মাঠে গড়াবে লাল বলের এই লড়াই। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রথম ওয়ানডে ৬ জুলাই, দ্বিতীয়টি ৯ জুলাই এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১১ জুলাই। ওয়ানডে পর্ব শেষ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল যাবে কুইন্স স্পোর্টস ক্লাবে। সেখানে প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ জুলাই। এরপর ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। জিম্বাবুয়ের স্থানীয় সময় অনুযায়ী টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ১২টা ৩০ মিনিটে। সবশেষ, ২০২৫ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়। প্রথম টেস্টে জিতে চার বছর পর টেস্ট ক্রিকেটে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।