কারিগরি ত্রুটির কারণে ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বলে আজ (২০ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, গত রাত ৮টা ৫৩ মিনিটে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশে রওনা দেয়। আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান, ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন।
বিমানের মহাব্যবস্থাপক জানান, নাগপুর এয়ারপোর্টে যাত্রীদের অত্যন্ত সুচারুরূপে সবধরনের সাপোর্ট দেওয়া হয়। আরেকটি উড়োজাহাজ যাত্রীদের নিয়ে দুবাই যাচ্ছে। সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখপ্রকাশ করছে।