দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর এই চিঠি পাঠানো হয়। একই সঙ্গে চিঠিটির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও প্রেরণ করা হয়েছে।

রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে এক তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে একদিকে যেমন সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে দেশের শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি ঘটেছে, যা দেশের জনগণকে এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি করছে।

জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে বর্তমান এই সংকটময় মুহূর্তে নীরব দর্শকের ভূমিকা পালন করা সম্ভব নয় উল্লেখ করে চিঠিতে বলা হয়, দেশের এই উদ্ভূত পরিস্থিতি উত্তরণে জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত কার্যকর সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।

দেশবাসীর এই দুর্ভোগ লাঘবে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার আশু সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।