গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গুনিবাড়ী সংলগ্ন এলাকায় মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডলের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এই বৈঠকে এলাকার সাধারণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মো. বাদলের সভাপতিত্বে এবং খোরশেদ আলম মোল্লা্র সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল।

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মো. নাসিম মন্ডল। এ সময় এলাকার নাগরিক সমস্যা, বেহাল রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার মতো দীর্ঘদিনের জনদুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। পাশাপাশি এসব সমস্যা সমাধানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা স্থানীয়দের সামনে তুলে ধরেন।

বৈঠকে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের নানা প্রত্যাশা ও এলাকার বঞ্চনার চিত্র তুলে ধরেন। মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল ভোটারদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনকল্যাণে কাজ করার আশ্বাস দেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, "জনগণের দ্বারে গিয়ে তাদের কথা শোনা এবং সুনির্দিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করেই টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চাই।" নির্বাচিত হলে কোনো দলীয় পরিচয় কিংবা শ্রেণি-পেশার ভেদাভেদ না রেখে পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি এই মতবিনিময়ের মধ্য দিয়ে শ্রীপুর পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন এই মেয়র পদপ্রার্থী।